হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দিয়ে গ্রেপ্তার ও হেনস্তার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে তারা বৈষম্য, অনিরাপদ কর্মপরিবেশ ও নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থার অবসানে ফারিয়ার ঘোষিত ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা। ৫ দফা দাবির মধ্যে রয়েছে— সরকারি স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতা প্রদান, চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-কে সরকারি স্বীকৃতি প্রদান এবং সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান কার্যকর করা। সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মো. মোনতাহার মামুন বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আর এ সাইফুল, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, সদস্য আমিনুল ইসলাম, দীপন দেবসহ উপজেলার অর্ধশতাধিক ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


