এস.এম.রিয়াদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট কেন্দ্রীয় জামে মসজিদে কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার (২৯ আগস্ট) জুম্মার নামাজ শেষে কমিটি ঘোষণাকে ঘিরে হট্টগোলের আশঙ্কায় আগে থেকেই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, “বিষয়টি সম্পর্কে আগেই খবর পেয়েছিলাম। তাই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। ফলে কোনো ধরনের হট্টগোল হয়নি, পরিস্থিতি শান্ত রয়েছে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মসজিদ কমিটি গঠন নিয়ে দুই পক্ষের টানাপোড়েন চলছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
একজন স্থানীয় বলেন, অনেক দিন ধরেই কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল। আমরা সবাই ভয়ে ছিলাম যে হয়তো জুমার নামাজ শেষে ঝামেলা হবে। তবে পুলিশ আগে থেকেই অবস্থান নেওয়ায় বড় কোনো ঘটনা ঘটেনি।
মসজিদের একজন মুসল্লি বলেন,মসজিদ আমাদের ইবাদতের জায়গা। এখানে যদি অশান্তি হয়, তাহলে সাধারণ মানুষ নামাজে আসতে ভয় পায়। আমরা চাই শান্তিপূর্ণভাবে কমিটি গঠিত হোক।
একজন প্রবীণ ব্যক্তি বলেন, পুলিশ না থাকলে আজকে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত। আমরা চাই সবাই মিলে আলোচনার মাধ্যমে সমঝোতায় কমিটি হোক, যাতে এলাকার শান্তি নষ্ট না হয়।
এ বিষয়ে স্থানীয়দের প্রত্যাশা, আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করে মসজিদকে শান্তিপূর্ণ পরিবেশে ফিরিয়ে আনা হবে।


