ওসমান গনি দীঘিনালা প্রতিনিধি।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির নেতৃবৃন্দ। খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশে সোমবার (২৪ আগস্ট) তারা উপজেলার জামতলী এলাকা , জামতলী বাঙালীপাড়া এলাকা, জগন্নাথ হিন্দুপাড়াসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন।
এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে দুর্যোগের এই সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন তারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম.এন. আবছার, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য অনিমেষ চাকমা রিংকু এবং সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খনি রঞ্জন ত্রিপুরা।
এ ছাড়া দীঘিনালা উপজেলা বিএনপির নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন। তারা জামতলী, জগন্নাথ হিন্দুপাড়াসহ উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পরিস্থিতি সরেজমিনে দেখেন এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, ভারী বর্ষণের ফলে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ায় অনেক পরিবার দুর্ভোগে পড়েছে। ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনায় পানি প্রবেশ করায় ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।


