বেবিয়ারা খাতুন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
শিকারির কাছ থেকে উদ্ধার টিয়াপাখি, অবমুক্ত করলেন ইউএনও
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী (২০) নামে এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পাখি শিকার করবেন না এ মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে স্থানীয়দের সহযোগিতায় টিয়াপাখিসহ মিনার আলীকে আটক করা হয়। তিনি দুলভপুর ইউনিয়নের ১৫ রশিয়া গ্রামের মো. হাবিল আলীর ছেলে।
পরে উপজেলা পরিষদ চত্বরে উদ্ধার করা টিয়াপাখিগুলো অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার ও ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ জরুরি। পাখি শিকার বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


