সিরাজুল ইসলাম, জেলা প্রতিনিধি বান্দরবান |
বান্দরবানের থানচি উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দুই মিয়ানমারের নাগরিক এবং তাদের সহযোগিতার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৮ বিজিবি)। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—মিয়ানমারের মংডু (মাউংড) এলাকার বাসিন্দা মা তুন জং ম্রো (২০) ও মা তুন ইয়াং ম্রো (২১) এবং বান্দরবানের থানচি সদর ইউনিয়নের ওয়াক চাক্কুপাড়া গ্রামের বাসিন্দা মুই ম্রো (৪৬)। তিনি থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রোর ছোট ভাই বলে জানা গেছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, আটক তিনজনের বিরুদ্ধে বিদেশি আইন, ১৯৪৬-এর ১৩ ও ১৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক সব ধরনের অপরাধ দমনে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ অনুপ্রবেশ রোধে নিরাপত্তা বাহিনী কঠোর নজরদারি চালিয়ে আসছে। সাম্প্রতিক এ ঘটনার পর সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

