ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দলীয় আধিপত্য নয়, ছাত্র সংসদই শিক্ষার্থীদের কন্ঠস্বর

    admin
    August 25, 2025 11:09 am
    Link Copied!

    মো: পারভেজ হাসান
    শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

    বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে বর্তমানে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির কালো ছায়া গ্রাস করেছে। রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদ কায়েমের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে এই লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি। শিক্ষার্থীদের কল্যাণ ও নেতৃত্ব বিকাশের পরিবর্তে দলীয় আনুগত্য আর ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিই হয়ে উঠেছে মূল চালিকাশক্তি। ফলে দেশ গঠনের কারিগর শিক্ষার্থীরা নিজেদের স্বার্থে নয়, বরং বাইরের রাজনৈতিক শক্তির ইশারায় পরিচালিত হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের অন্যতম কার্যকর উপায় হচ্ছে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন।

    ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রতিনিধিদের প্লাটফর্ম। এটি কেবল শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের প্ল্যাটফর্ম নয়, বরং ভবিষ্যতের নেতৃত্ব বিকাশের ক্ষেত্র। ছাত্র সংসদে শিক্ষার্থীরা সরাসরি তাদের ভোটের মাধ্যমে মত প্রকাশ করে নিজেদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারে। ফলে উঠে আসে নেতৃত্বে যোগ্য ও জনপ্রিয় শিক্ষার্থীরা এবং বাইরের রাজনৈতিক প্রভাব কমে যায়। কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ না থাকা কিংবা নিয়মিত নির্বাচন না হওয়ায় ক্যাম্পাসগুলোতে দলীয় রাজনীতির লেজুড়বৃত্তিক ধারার মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে।

    এই লেজুড়বৃত্তিক রাজনীতির ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ ধ্বংসপ্রায়। ক্যাম্পাসে রাজনৈতিক আধিপত্য, সহিংসতা, দখলদারিত্ব, ভয়-ভীতি এবং সেশনজট এখন নিয়মিত ঘটনা। যে শিক্ষার্থী রাজনীতিতে অংশ নিতে অনিচ্ছুক, তাকেও সামিল হতে হয়। অংশ না নিলে হলে সিট পাওয়ার কোনো সুযোগ নেই এছাড়াও শারীরিক-মানসিক নির্যাতন, এমনকি হল থেকে বের করে দেওয়ার মতো ঘটনা অপ্রত্যাশিত নয়।

    বিভিন্ন সময়ে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র রাজনীতির সহিংসতা বা অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিলেও রাজনৈতিক চাপে নিরব দর্শকের ভূমিকা পালন করে, আত্মসমর্পণ করে। ফলে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চার অভাব তৈরি হয়, যা তাদের স্বাধীনভাবে চিন্তা ও মত প্রকাশে বাধা দিচ্ছে। অথচ ছাত্র সংসদ থাকলে শিক্ষার্থীরা ভিন্নমতকে গ্রহণ করতে শেখে, যুক্তির মাধ্যমে বিতর্ক করতে শেখে এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানোর অনুশীলন করে।

    ছাত্র সংসদ কেবল রাজনৈতিক সচেতনতা নয়, শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধানেও ভূমিকা রাখে। পরিবহন সংকট, আবাসন সমস্যা, হলের সিট বাণিজ্য, গ্রন্থাগারের সুযোগ-সুবিধা বা একাডেমিক জট, যৌন হয়রানির মত ইস্যুতে ছাত্র সংসদ শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে প্রশাসনের কাছে পৌঁছে দেয়। ফলে প্রশাসনও সহজে শিক্ষার্থীদের দাবি শুনতে এবং সমাধান করতে আগ্রহী হয়।

    এই বাস্তবতায় রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যদি নিরপেক্ষভাবে সুষ্ঠু ও নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করে, তবে শিক্ষার্থীরা রাজনৈতিক দলগুলোর ছত্রচ্ছায়া থেকে বেরিয়ে আসতে পারবে। একই সঙ্গে শিক্ষক সমাজকেও এগিয়ে আসতে হবে একটি গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে, যেখানে ছাত্র সংসদ হবে মত প্রকাশ, নেতৃত্ব বিকাশ এবং সহাবস্থানের প্ল্যাটফর্ম।

    আজ যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো লেজুড়বৃত্তিক রাজনীতির অচলাবস্থায় বন্দি, তখন ছাত্র সংসদ নির্বাচন পুনরুজ্জীবন করা সময়ের দাবি। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হবে, সহাবস্থানের সংস্কৃতি ফিরবে এবং গণতান্ত্রিক নেতৃত্ব বিকাশের পথ সুগম হবে।

    বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে লেজুড়বৃত্তিক রাজনীতির কালো ছায়া দূর করতে এবং শিক্ষার্থীদের জন্য একটি মুক্ত, গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়তে ছাত্র সংসদই সবচেয়ে কার্যকর হাতিয়ার।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST