মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে লুডু খেলায় ভুল ধরিয়ে দেয়াকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে রফিক মিয়া (৪০) (মৃত লোকমান মিয়ার ছেলে) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের হামলায় তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এলাকার কয়েকজন যুবক মোবাইলে লুডু খেলায় মেতে ছিলেন। খেলা উপভোগ করতে পাশে বসেছিলেন রফিক, সালমানসহ আরও কয়েকজন। খেলা চলাকালে লুডু খেলায় ভুল ধরিয়ে দেয়ার জেরে রফিক ও সালমানের মধ্যে কথা কাটাকাটির সূত্রপাত হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে উপর্যুপরি কিল -ঘুষি, লাথিতে গুরুতর আহত হন রফিক মিয়া (৪০)
গুরুতর আহতের খবর পেয়ে রফিকের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রফিককে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।
পরে তাকে দ্রুত গুরুতর আহত অবস্থায় স্বজন ও স্থানীয়রা নাসিরনগর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ডাঃ তামিমা রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় ও নিহতের পরিবারের স্বজনরা জানায়, প্রতিদিনই এলাকার যুবকরা এখানে বসে খেলাধুলা করতেন এবং এ নিয়ে কারো কোনো আপত্তি ছিল না।
এ ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ বিষয়ে নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ নাসিরনগর থানা হেফাজত থেকে ময়নাতদন্তের জন্য ব্রাক্ষণবাড়ীয়া জেলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


