মো: কাশেম হাওলাদার, বরগুনা জেলা থেকে/
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ৭২নং উত্তর-পূর্ব জালিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমন ধানের বীজতলা তৈরি করা হয়েছে। এতে শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য মোসলেম নামের এক কৃষক প্রধান শিক্ষকের অনুমতিতে মাঠটি দখল করে সেখানে ধানের চারা রোপণ করেছেন।
রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মাঠজুড়ে ধানের চারা রোপণ করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী ইদ্রিস ও দীপঙ্কর জানান, “আমরা আগে প্রতিদিন স্কুলের মাঠে খেলতাম। কিন্তু গত এক-দুই মাস ধরে মাঠে ধান রোপণ করায় খেলতে পারছি না।”
স্থানীয় একাধিক সূত্র জানায়, জুলাই মাসে টানা বর্ষণে কৃষিজমিতে আমন ধানের বীজতলা পানিতে তলিয়ে যায়। ফলে বিকল্প হিসেবে বিদ্যালয়ের মাঠে বীজতলা তৈরি করা হয়। কেউ কেউ মনে করেন, মাঠটি ফাঁকা থাকায় এতে চারা রোপণ করলে ক্ষতি নেই। তবে অনেকেই বলছেন, বিদ্যালয়ের মাঠ দখল করে ধানের চারা তৈরি করায় শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের খেলাধুলার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক খাইরুল আলমকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। অভিযোগ রয়েছে, তিনি এক সাংবাদিককে ধাক্কা দেন এবং তার লোগো ও ক্যামেরার ওপর হাত তোলেন। পরে তিনি অফিসকক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। এ সময় দরজা বন্ধ করার সময় পাথরঘাটা উপজেলার আরটিভির প্রতিনিধি সাংবাদিক তাওহিদুল ইসলাম শুভ ধাক্কা খান বলেও অভিযোগ পাওয়া গেছে।
পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে সাংবাদিকের সঙ্গে প্রধান শিক্ষকের অসৌজন্যমূলক আচরণ অত্যন্ত দুঃখজনক।”
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, “বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ দ্রুত ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিককে লাঞ্ছিত করার বিষয়ে লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”


