বরগুনা প্রতিনিধি:
বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জনসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত সহস্রাধিক মানুষ অংশ নেন।
সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এই জনসমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন বরগুনা জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মুরাদ খান।
মানববন্ধন ও জনসমাবেশে বক্তারা বলেন, বরগুনায় তিনটি সংসদীয় আসন পুনর্বহাল না হলে জেলার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হবে। তারা আরও বলেন, বিগত ১/১১ সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বরগুনার তিনটি আসনকে দুটি আসনে রূপান্তর করা হয়। এটি একটি হীন স্বার্থসিদ্ধির অপচেষ্টা ছিল, যা বরগুনার জনগণের প্রতি চরম অবিচার।
বক্তারা আরও জানান, বরগুনার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও আয়তন বিবেচনায় এ জেলায় তিনটি আসন থাকা অত্যন্ত যৌক্তিক। কিন্তু একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তিনটি আসন কমিয়ে দুটি করে জেলার জনগণকে উন্নয়ন থেকে পিছিয়ে দিয়েছে।
তারা বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, বরগুনার তিনটি আসন পুনর্বহাল না করা হলে জনগণ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, সিনিয়র সহ-সভাপতি জাফর হোসেন হাওলাদার, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম টিটু, সাংবাদিক মোশাররফ হোসেন, ঢলুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শারমিন সুলতানা আসমা, জেলা জাতীয়তাবাদী তাঁতি দলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
কিন্তু ২০০৮ সালের ১০ জুলাই, তৎকালীন ১/১১ সরকার-সমর্থিত নির্বাচন কমিশন ক্ষমতার অপব্যবহার করে পরিকল্পিতভাবে বরগুনার তিনটি আসনকে ভেঙে দুটি আসন করে। এর ফলে নতুনভাবে বরগুনা সদর, আমতলী ও তালতলী নিয়ে বরগুনা-১ এবং পাথরঘাটা, বেতাগী ও বামনা নিয়ে বরগুনা-২ আসন গঠন করা হয়। এতে জেলার জনগণ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
গত ৩০ জুলাই নির্বাচন কমিশন তিনটি আসন পুনর্বহাল না করে একটি খসড়া গেজেট প্রকাশ করে। এতে ক্ষুব্ধ হয়ে ১০ আগস্ট বরগুনা জেলার ১৩০ জন নাগরিক তিনটি আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনে আপিল করেন। আগামীকাল, ২৫ আগস্ট, এসব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
বরগুনা জেলা বিএনপির সদস্য ওমর আব্দুল্লাহ শাহীন বলেন, “সুষম উন্নয়ন নিশ্চিত করতে এবং প্রান্তিক মানুষের কণ্ঠস্বর জাতীয় সংসদে তুলে ধরতে বরগুনার তিনটি আসন পুনর্বহাল অপরিহার্য।”
বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, “আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন বরগুনার ভৌগোলিক, জনসংখ্যাগত ও প্রশাসনিক প্রেক্ষাপট বিবেচনায় তিনটি সংসদীয় আসন পুনর্বহাল করবেন।”
উল্লেখ্য, বরগুনা জেলার আয়তন ১,৮৩১.৩১ বর্গকিলোমিটার এবং ছয়টি উপজেলা নিয়ে গঠিত এ জেলার জনসংখ্যা প্রায় ১২ লাখ ৫০ হাজার। স্বাধীনতার পর বরগুনা জেলায় তিনটি সংসদীয় আসন ছিল।বরগুনা-১: বরগুনা সদর ও বেতাগী উপজেলা, বরগুনা-২: পাথরঘাটা ও বামনা উপজেলা, বরগুনা-৩: আমতলী ও তালতলী উপজেলা।


