নয়ন রায়, যশোর প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশু শিক্ষার্থীদের মাঝে ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না। “আমাদের সকল সন্তান শিক্ষার সমান সুযোগ পাক, ভালোবাসা হোক শিশুদের জন্য” – এই মূলমন্ত্রকে ধারণ করে তিনি উপজেলার ছয়জন বিশেষ শিক্ষার্থীর হাতে হুইলচেয়ার তুলে দেন।
সোমবার (১লা সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সামাজিক যোগাযোগ মাধ্যম ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি আবেগঘন পোস্ট শেয়ার করা হয়। পোস্টে দেখা যায়, ইউএনও নিশাত তামান্না পরম স্নেহে এক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ছবিটি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সর্বমহলে প্রশংসিত হয়।
অনুসন্ধানে জানা যায়, ছবিটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এক হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানের। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের বরাদ্দ থেকে উপজেলার ছয়জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীর মাঝে এই হুইলচেয়ার বিতরণ করা হয়। ইউএনও নিশাত তামান্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে হুইলচেয়ারগুলো তুলে দেন।
এ সময় তিনি বলেন, “প্রতিটি শিশুরই শিক্ষার সমান অধিকার রয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদেরই সন্তান। তাদের পথচলাকে মসৃণ করা আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব। এই হুইলচেয়ারগুলো তাদের বিদ্যালয়ে যাতায়াত ও দৈনন্দিন চলাচলে সহায়ক হবে বলে আমি আশা করি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু মুত্তালিব এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম মাকসুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ইউএনও নিশাত তামান্নার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার সর্বস্তরের মানুষ। তার এই কার্যক্রম সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা লাভে উৎসাহিত করবে এবং সমাজে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছেন তারা।


