এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চায়ের দোকানের কারিগর ২ সন্তানের জনক মো. হামিদকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে ইউনিয়নের মগডেইল বাজারের উত্তর পাশে পরিত্যক্ত একটি বাড়ীতে এ ঘটনা ঘটে।
আটক মো. হামিদ মাইজ পাড়া এলাকার সৈয়দ আলম প্রকাশ টুইট্যা এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টায় শিশুটি বাড়ির পাশে বাজারের রাস্তায় খেলা করছিল। হামিদ শিশুটিকে একা পেয়ে বিস্কুট এর প্রলোভন দেখিয়ে বাজারের পাশ্ববর্তী পরিত্যক্ত নির্জন একটি বাড়ীতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত হামিদ পালিয়ে যায়। পরে স্থানীয়রা মাইজ পাড়া এলাকা থেকে তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই হারুন জানান, অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



