ঢাকাMonday , 16 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের অভয়নগরে নিবন্ধনহীন সমবায়ের নামে ঋণ বাণিজ্যের অভিযোগ, জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা

    admin
    November 16, 2026 10:54 pm
    Link Copied!

    অনুসন্ধান প্রতিবেদন

    যশোরের অভয়নগর উপজেলার সিরাজকাটি এলাকায়
    পাবলিক সমবায় সমিতির বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায় ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সরকারি তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মাঝে।

    পাবলিক সমবায় সমিতি’ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, পাওনা টাকার হিসাব নিয়ে প্রশ্ন তুললে আটকে রাখা এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে।

    প্রতিষ্ঠানটির নিবন্ধন ও আর্থিক কার্যক্রম নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। অভিযোগ সত্য হলে একদিকে যেমন সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে সরকার হারাতে পারে সম্ভাব্য রাজস্ব। এ ঘটনায় ভুক্তভোগী রোকেয়া বেগম গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ করার পর থেকে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেছেন তিনি।

    রোকেয়া বেগমের অভিযোগ, তিনি ‘পাবলিক সমবায় সমিতি’ থেকে ৩৪ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। এর মধ্যে ৩৩ হাজার ২৫০ টাকা পরিশোধ করার পরেও তাঁর কাছে অতিরিক্ত টাকা দাবি করা হয়। বাকি টাকার সঠিক হিসাব জানতে চাইলে সমিতির দায়িত্বে থাকা কামাল হোসেন ও তাঁর ছেলে সানী তাঁকে সমিতির ঘরে আটকে রেখে টাকা আদায়ের চেষ্টা করেন।

    তিনি আরও অভিযোগ করেন, এ সময় কামাল হোসেন হাতে থাকা ধান কাটার কাচি দিয়ে তাঁকে আঘাতের চেষ্টা করেন, তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি পরিস্থিতি থেকে রক্ষা পান। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা প্রয়োজন।

    অন্যদিকে, রোকেয়া বেগমের অভিযোগ অস্বীকার করেছেন কামাল হোসেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় দুজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে বিস্তারিত জানিয়েছেন, তাঁর দাবি, ইউএনও বিষয়টি তদন্তের জন্য উপজেলা সমবায় কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। এ বিষয়ে অভয়নগর উপজেলা সমবায় কর্মকর্তা শেখ আহাদুজ্জামান বলেন, আমি তদন্ত প্রতিবেদন ইউএনও স্যারকে দিয়ে দিয়েছি।

    অভিযোগের সর্বশেষ অগ্রগতি জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই সময় তিনি যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে সভায় ছিলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে মনে করতে না পারলেও নথি দেখে পরে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান তিনি। এদিকে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

    প্রতিষ্ঠানটি সমবায় অধিদপ্তরের নিবন্ধিত কি না, নিবন্ধিত না হলে কোন আইনি ভিত্তিতে ‘সমবায়’ পরিচয়ে ঋণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করছে—তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

    সমবায় প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়ে থাকলে নিয়মিত সরকারি তদারকি, নিরীক্ষা, ঋণ বিতরণ, কিস্তি আদায় এবং সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ করা হচ্ছে কি না, সেটিও যাচাই করা জরুরি।

    স্থানীয়দের আশঙ্কা, নিবন্ধন ও জবাবদিহির বাইরে কোনো প্রতিষ্ঠান আর্থিক কার্যক্রম পরিচালনা করলে সাধারণ ঋণগ্রহীতারা সহজেই হয়রানি ও আর্থিক অনিয়মের শিকার হতে পারেন।

    একই সঙ্গে আইন অনুযায়ী নিবন্ধন ও আর্থিক কার্যক্রম না থাকলে সরকারের রাজস্ব ও নিয়ন্ত্রণব্যবস্থাও প্রশ্নের মুখে পড়তে পারে, সচেতন মহলের দাবি, শুধু একটি অভিযোগের তদন্ত করেই দায়িত্ব শেষ করা উচিত নয়। ‘পাবলিক সমবায় সমিতি’র নিবন্ধন সনদ, পরিচালনা কমিটি, ঋণ বিতরণ ও আদায়ের হিসাব, সদস্যদের সঞ্চয়ের অর্থ এবং আর্থিক লেনদেনের নথি পূর্ণাঙ্গভাবে যাচাই করতে হবে।

    অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, সিরাজকাটিতে ‘পাবলিক সমবায় সমিতির নামে পরিচালিত এই আর্থিক কার্যক্রমের প্রকৃত চিত্র কী? প্রতিষ্ঠানটি নিবন্ধিত, নাকি সমবায়ের নাম ব্যবহার করে চলছে ব্যক্তিগত ঋণ বাণিজ্য? সংশ্লিষ্ট প্রশাসন ও সমবায় অধিদপ্তরের কার্যকর তদন্তেই বেরিয়ে আসতে পারে এর প্রকৃত সত্য।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST