নিজস্ব প্রতিবেদক
যশোরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা ও মসুরের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরিষা ও মসুরের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় যশোর সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার সরিষাচাষির প্রত্যেককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
এ ছাড়া ১৫০ জন মুসুরচাষির প্রত্যেককে পাঁচ কেজি মুসুরের বীজ, ১০ কেজি ডিএপি সার ও পাঁচ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, সরকারের এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা বিনামূল্যে উন্নত বীজ ও প্রয়োজনীয় সার পাওয়ায় উপকৃত হবেন। পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধিতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



