নিজস্ব প্রতিবেদক
অনলাইন জুয়াচক্রের সঙ্গে জড়িত ও ঘুষ লেনদেনের অভিযোগে যশোরে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল আল মামুনকে বদলি করা হয়েছে।
খুলনা রেঞ্জের ডিআইজির নির্দেশে তাকে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর কোতোয়ালি থানা থেকে এসআই আব্দুল আল মামুনকে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়।
এর আগে তিনি প্রায় এক মাস ওই ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর তার বিরুদ্ধে অনলাইন জুয়াচক্রের সদস্যদের সঙ্গে সখ্য গড়ে তোলা এবং তাদের কাছ থেকে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে।
বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে এসআই আল মামুন বলেন, প্রায় তিন মাস আগে জুয়া সংক্রান্ত ঘটনায় একজনকে আটক করেছিলেন তিনি। ওই আটকের ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একটি অভিযোগ দেওয়া হয়েছে, অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, জুয়া-সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে এসআই আব্দুল আল মামুনকে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করা হবে,পুলিশ সুপার একজন কর্মকর্তাকে এ তদন্তের দায়িত্ব দেবেন, তদন্তে অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।



