ঢাকাSunday , 19 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • লামায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি

    admin
    July 19, 2026 4:40 pm
    Link Copied!

    সিরাজুল ইসলাম, জেলা প্রতিনিধি বান্দরবান

    বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুলিস্তান বাজার সংলগ্ন এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের বসতবাড়িতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, লুটপাট এবং নারী সদস্যদের লাঞ্ছনার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তাদের বৈধ সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চলছিল এবং এরই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটে।
    ভুক্তভোগীদের অভিযোগ, গত ১৫ জুলাই ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ১৫–২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও হামলা চালায়। এ সময় বাড়ির নারী সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও করা হয়েছে।
    ভুক্তভোগী মো. ইসমাইল জানান, তার পিতার নামে সৃষ্ট আর/৬১৯ নম্বর খতিয়ান এবং লামা ২৮৬ নম্বর ফাঁসিয়াখালী মৌজার প্রায় ৪.৫০ একর পৈতৃক সম্পত্তির বৈধ উত্তরাধিকারী হিসেবে তিনি, তার মা, তিন ভাই ও দুই বোন দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছেন। তার অভিযোগ, পাশের জমির বিরোধকে কেন্দ্র করে ডেবিট কর্মকার, মৃদুল কর্মকার, নজরুল ইসলামসহ কয়েকজনের নেতৃত্বে সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে হামলা চালানো হয়।
    তিনি আরও দাবি করেন, হামলাকারীরা ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, স্বর্ণালংকার, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের দাবি।
    হামলায় আহত মনোয়ারা বেগম ও ফজল করিমকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগীদের দাবি, চিকিৎসার পর হাসপাতাল থেকে পুলিশ কেস সংক্রান্ত মেডিকেল সনদও প্রদান করা হয়েছে।
    অপর ভুক্তভোগী আকতার আহমদ ও নূরুল আবছার অভিযোগ করেন, গভীর রাতে দরজা কেটে ঘরে ঢুকে হামলাকারীরা তাদের মারধর করে এবং বাড়ির নারী সদস্যদের ওপর নির্যাতন চালায়। রোজিনা আক্তারও হামলার সময় মারধরের শিকার হওয়ার অভিযোগ করেন।
    নূরুল আবছার বলেন, “আমরা আমাদের পৈতৃক সম্পত্তির ন্যায্য অধিকার চাই। কিন্তু আমাদের সেই অধিকার থেকে বঞ্চিত করতে ধারাবাহিকভাবে হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।”
    পরিবারের দাবি, হামলার পর তাদের বসতঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। বর্তমানে নারী ও শিশুদের নিয়ে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন এবং প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন।
    স্থানীয় সূত্র জানায়, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে এবং এ নিয়ে এলাকায় একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
    এ বিষয়ে অভিযুক্ত মৃদুল কর্মকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না; পরে শুনেছেন ডাকাতরা ঘরবাড়ি ভাঙচুর করেছে। অপর অভিযুক্তদের বক্তব্য পাওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
    এদিকে লামা থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে বা মামলা দায়ের হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
    ভুক্তভোগী পরিবারের দাবি, তারা ইতোমধ্যে আদালতে মামলা দায়েরের উদ্যোগ নিয়েছেন। তারা স্বরাষ্ট্রমন্ত্রী, বান্দরবানের জেলা প্রশাসক, পুলিশ সুপার, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বসতঘর পুনর্নির্মাণে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হোক।
    প্রতিবেদকের মন্তব্য: প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো ভুক্তভোগী পরিবারের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণই কাম্য।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST