ঢাকাFriday , 24 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • অপহরণ, মানব পাচার ও রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে এমপি শাহ জাহান চৌধুরীর বিশেষ উদ্যোগ

    admin
    July 24, 2026 11:17 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি, কক্সবাজার

    কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়া ও টেকনাফে অপহরণ, অপরাধ দমন, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং স্থানীয় ও বিদেশি পর্যটকদের নিরাপত্তা সুসংহত করতে নতুন তিনটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে।
    কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহ জাহান চৌধুরী সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর তিনটি পৃথক আধা-সরকারি পত্র (ডিও লেটার) প্রেরণ করেছেন।
    আধা সরকারি পত্রে প্রস্তাবিত নতুন ৩টি পুলিশ তদন্ত কেন্দ্র হচ্ছে :-
    ১. ইনানী পুলিশ তদন্ত কেন্দ্র উখিয়া উপজেলার ০১ নং জালিয়াপালং ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ডের সার্বিক নিরাপত্তায়।
    ২. হোয়াইক্যং পুলিশ তদন্ত কেন্দ্র টেকনাফ উপজেলার ০১ নং হোয়াইক্যং মডেল ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ডের সীমান্ত ও স্থানীয় নিরাপত্তায়।
    ৩. কচ্ছপিয়া পুলিশ তদন্ত কেন্দ্র টেকনাফ মডেল থানার ০৩ নং টেকনাফ সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এবং ০৫ নং বাহারছড়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের সমন্বয়ে।
    সীমান্তবর্তী অঞ্চলের বাস্তবতা ও ডিও লেটারের বিবরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরিত ডিও লেটারে এমপি শাহ জাহান চৌধুরী উল্লেখ করেন, উখিয়া-টেকনাফ অঞ্চলটি দেশের দক্ষিণ-পূর্ব সীমান্তে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর ও কৌশলগত এলাকা। মিয়ানমারের সাথে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত, নাফ নদী এবং বঙ্গোপসাগরের সংলগ্ন ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চল দীর্ঘদিন ধরে নানা আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকিতে রয়েছে।
    তিনি পত্রে আরও জানান, মিয়ানমার থেকে অব্যাহত রোহিঙ্গা অনুপ্রবেশ, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের প্রবেশ, ইয়াবাসহ বিপজ্জনক মাদকের বিস্তার, মানবপাচার, চোরাচালান, অপহরণ ও ডাকাতির মতো সংঘবদ্ধ অপরাধের কারণে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রতিনিয়তই চরম চ্যালেঞ্জের মুখে পড়ছে।
    একই সাথে টেকনাফ ও উখিয়া মূল থানা থেকে জালিয়াপালং, হোয়াইক্যং এবং কচ্ছপিয়া এলাকার দূরত্ব অনেক বেশি হওয়ায় কোনো অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিক পুলিশি সহায়তা পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে। ফলে স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে এই তিনটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
    আজ সংসদ সদস্য শাহ জাহান চৌধুরী তার ভেরিফাইড ফেইসবুকের মাধ্যমে এক বিবৃতি প্রদান করে জানান, আমার নির্বাচনী এলাকায় অপহরণ, মানবপাচার, ডাকাতি, মাদক, চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে উখিয়া ও টেকনাফে পৃথক তিনটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠানো হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমি এবং আমার সরকারের অঙ্গীকার। এই লক্ষ্য অর্জনে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
    পর্যটন ও জননিরাপত্তায় প্রভাব,
    প্রস্তাবিত তদন্ত কেন্দ্রগুলো বাস্তবায়িত হলে ইনানী সমুদ্রসৈকত ও সংলগ্ন বিশ্বমানের পর্যটন অঞ্চলসমূহে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হবে, যা পর্যটন শিল্পে বিপুল আস্থা ফিরিয়ে আনবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল থাকবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
    এমপি শাহ জাহান চৌধুরী জানান, অপহরণ, সীমান্ত অপরাধ দমন ও স্থানীয় প্রায় সাড়ে ছয় লাখ মানুষের পাশাপাশি বিপুল সংখ্যক পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সার্বিক সক্ষমতা বৃদ্ধি ও গতিশীলতা আনয়নই এই উদ্যোগের মূল লক্ষ্য।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST