বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ
দেশজুড়ে শিশু নির্যাতন, ধর্ষণ এবং নির্মম হত্যাকাণ্ডের ঘটনাগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে মানুষ ক্ষোভ প্রকাশ করে বলছেন, “কত নিষ্পাপ এই ফুলগুলো! স্বপ্নে ভরা ছোট ছোট জীবনগুলো আজ শুধুই স্মৃতি।”
নাগরিকদের মতে, একের পর এক শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় সমাজে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই অভিযোগ করছেন, বিভিন্ন ঘটনায় দীর্ঘ সময় পার হলেও বিচারপ্রক্রিয়া শেষ না হওয়ায় মানুষের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। প্রতিটি ঘটনার পর কিছুদিন আলোচনা ও প্রতিবাদ হলেও সময়ের সঙ্গে সঙ্গে বিষয়গুলো আড়ালে চলে যায়, অথচ হারিয়ে যাওয়া শিশুরা আর কখনো ফিরে আসে না।
ক্ষুব্ধ নাগরিকদের দাবি, দেশে যদি প্রতিটি নির্যাতন ও হত্যার ঘটনার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হতো, তাহলে অপরাধীরা অপরাধ করার আগে ভয় পেত। তারা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে সমাজে অপরাধের প্রবণতা আরও বাড়তে পারে।
এদিকে অনেকেই সামাজিক মাধ্যমে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। কেউ কেউ ৩ থেকে ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিও তুলেছেন।
সচেতন মহলের মতে, শুধু শাস্তি নয়—আইনের কার্যকর প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিশুদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অপরাধ প্রতিরোধে দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণও জরুরি।


