ঢাকাTuesday , 16 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলা সাংবাদিকদের মানববন্ধনে প্রতিবাদ

    admin
    September 16, 2025 6:26 pm
    Link Copied!

    রতন রায় : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি//

    সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষার দাবিতে এবং দুই সহকর্মীর বিরুদ্ধে দায়ের করা ‘প্রতিহিংসামূলক মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। নিরাপত্তা বাহিনীর সদস্যরা যেভাবে সাংবাদিকদের হয়রানি ও মিথ্যা মামলায় জড়িত হচ্ছেন তা উদ্বেগজনক। সম্প্রতি কুমিল্লার ‘আমার দেশ’ পত্রিকার জেলা প্রতিনিধি এম. হাসান ও লালমনিরহাটের ‘আজকের পত্রিকা’র জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নামে করা মামলাটিও একই ধারাবাহিকতায়। এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কেজিইউজে’র সদস্য সচিব মনোয়ার হোসেনের নেতৃত্বে এ মানববন্ধনে জেলা ও উপজেলার সাংবাদিকরা ছাড়াও সুশীল সমাজের নাগরিকরা অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে কেজিইউজে’র যুগ্ম আহ্বায়ক ও ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার জেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম বলেন, ‘আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম. হাসান ও লালমনিরহাটের আজকের পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নামে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিগত সরকারের আমলেও এমন হয়রানিমূলক মামলা করা হয়েছিলো কিন্তু সাংবাদিকদের তারা দাবিয়ে রাখতে পারেনি। সত্য প্রকাশ করতে গিয়ে এই অন্তবর্তীকালীন সরকারের আমলেও আমাদের হত্যা পর্যন্ত হতে হয়েছে। আমরা এসব হত্যা মামলার সুষ্ঠু ও ন্যায়বিচার চাই। পাশাপাশি এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই।’

    কেজিইউজে’র অন্যতম যুগ্ম আহ্বায়ক ‘ইনডিপেনডেন্ট’ ও ‘আমার দেশ’ পত্রিকার জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মুজাহিদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘সাংবাদিকদের হয়রানি করার প্রবণতা এখনও থেমে যায়নি। তারা কখনও হামলা আবার কখনও মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। সম্প্রতি হওয়া সাংবাদিক এম. হাসান ও খোরশেদ আলম সাগরের নামে হওয়া মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। আমরা সরকারের কাছে আবেদন করবো, অবিলম্বে তাদের নামে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।’

    মানববন্ধনের সমাপনী বক্তব্যে কেজিইউজে’র সদস্য সচিব ও ‘এটিএন নিউজ’র জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন বলেন, ‘প্রতিনিয়ত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হচ্ছে। আর এইসব মিথ্যা মামলার অধিকাংশই করছে একটি দলের নেতাকর্মীরা। সাংবাদিক এম. হাসান ও খোরশেদ আলম সাগরের নামে যে মিথ্যা ও হয়রানিমূলক মামলা হয়েছে সেটিও করেছে একটি দলের কর্মী। যারা এখনও ক্ষমতার আসনে বসেনি। তার মানে অদূর ভবিষ্যতে যদি তারা ক্ষমতায় বসে তাহলেও তারাও সাংবাদিক হয়রানি করবে।’

    তিনি আরো বলেন, ‘২৪ পরবর্তী বাংলাদেশে আমরা এমনটি চাইনি। যেখানে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হবে, নিযাতন করা হবে, গলা কেটে মেরে ফেলা হবে। আমরা সাংবাদিকদের সত্য প্রকাশের অধিকার চাই।’

    মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ‘কালের কণ্ঠ’র উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ, ‘গ্লোবাল টেলিভিশন’র জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান তাওহীদ, ‘প্রতিদিনের বাংলাদেশ’র প্রতিকার জেলা প্রতিনিধি রাজু আহমেদ, ‘দৈনিক কালবেলা’ পত্রিকার চিলমারী উপজেলা প্রতিনিধি আবু আল রাফিউল রাফি, ‘দৈনিক ইনকিলাব’ পত্রিকার চিলমারী প্রতিনিধি ফয়সাল হক, ‘দৈনিক গোমতী বার্তা’ ও ‘দৈনিক পূর্ব দিগন্ত’র জেলা প্রতিনিধি রতন রায়, ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকা ও ‘উলিপুর ডটকম’র রাজারহাট প্রতিনিধি এনামুল হক সরকার, ‘দৈনিক দেশের কণ্ঠ’ পত্রিকার রাজারহাট প্রতিনিধি হামিদুল ইসলাম প্রমুখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST