মোঃ ইয়াছিন আকাশ, চট্টগ্রাম জেলা প্রতিনিধি//
ইসলামী ব্যাংক পিএলসির প্রায় সাড়ে ৫ হাজার কর্মকর্তা হাইকোর্টের নির্দেশ অমান্য করে আয়োজিত একটি নিয়োগ পরীক্ষা বয়কট করার পর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তারা অভিযোগ করেন, পরীক্ষায় অংশ না নেওয়া কর্মকর্তাদের মব সৃষ্টি করে পিটিয়ে ব্যাংক শাখা থেকে বের করে দেওয়া হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে ব্যাংকের একদল কর্মকর্তা সংবাদমাধ্যমের সামনে এই অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলন চলাকালে ১৭ জন কর্মকর্তার মোবাইল ফোন ও মেইলে চাকরিচ্যুতির নোটিশ আসে বলে তারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের কর্মকর্তা নুরুজ্জামান রয়েল বলেন, ২৭ সেপ্টেম্বর ব্যাংক কর্তৃপক্ষ ‘অ্যাসেসমেন্ট টেস্ট’ নামে একটি পরীক্ষা আয়োজন করে, যা হাইকোর্টের রায় অনুযায়ী অবৈধ। কর্মকর্তারা একযোগে পরীক্ষা বয়কট করলে পরদিন ২৮ সেপ্টেম্বর সারা দিন ধরে তাদের ওপর চরম নির্যাতন চালানো হয় বলে দাবি করা হয়।


