মো:সিপাউর রহমান,কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা:
বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা এক মামলায় ডাকসুর সাবেক ভিপি,নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার একটি আদালত শুনানি শেষে আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৪ ডিসেম্বর রাজধানীর কলাবাগান এলাকার লেক সার্কাস রোডে এক বিএনপি কর্মীর ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। ওই হামলার প্রেক্ষিতে পরবর্তীতে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্তের পর উক্ত মামলায় সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করে আইনশৃঙ্খলা বাহিনী, যা শুনানি শেষে মঞ্জুর করা হয়।
সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির এক পরিচিত ও চর্চিত মুখ। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিরোধী জোট ‘জাতীয় ঐক্যফ্রন্ট’-এর প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মৌলভীবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বিদেশ থেকে দেশে ফেরার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। নতুন এই হত্যাচেষ্টা মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর পর বিচারকের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


