ঢাকাThursday , 18 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ‘করবো মোরা ফলচাষ, সংরক্ষণ করবো বারো মাস’ প্রতিপাদ্যে বাঘাইছড়িতে জাতীয় ফল মেলা-২০২৬

    admin
    June 18, 2026 8:12 pm
    Link Copied!

    নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

    “করবো মোরা ফলচাষ, সংরক্ষণ করবো বারো মাস”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

    ফল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি সচেতনতা সৃষ্টি এবং স্থানীয়ভাবে উৎপাদিত দেশীয় ফলের পরিচিতি ও গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এ মেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় ফল প্রদর্শন করা হয়। প্রদর্শিত ফলের মধ্যে ছিল জামরুল, লেবু, নারকেল, শবরী কলা, তেঁতুল, বিভিন্ন জাতের আম, কাঁঠাল, জাম্বুরা, বেল, আনারস, পেঁপে ও পেয়ারাসহ নানা ধরনের ফল। ফলের বর্ণিল সমারোহ দর্শনার্থীদের আকৃষ্ট করে। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

    মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ফলের পুষ্টিগুণ, অর্থনৈতিক গুরুত্ব, বাজারজাতকরণ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টিতে ফলভিত্তিক উদ্যোগের সম্ভাবনা এবং সারা বছর ফলের চাহিদা পূরণে সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এবং অর্থকরী ফসল হিসেবে ফলের উৎপাদন বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে দেশীয় ফলের চাষ ও সংরক্ষণে কৃষকদের আরও উৎসাহিত করার আহ্বান জানান তারা।

    উপসহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুর আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিট কর্মকর্তা, শিক্ষার্থী, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    দিনব্যাপী আয়োজিত এ ফল মেলায় ফল চাষ সম্প্রসারণ, ফল সংরক্ষণ এবং দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়। আয়োজকরা বলেন, “করবো মোরা ফলচাষ, সংরক্ষণ করবো বারো মাস” স্লোগানকে ধারণ করে পুষ্টিসমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST