মো:সিপাউর রহমান,কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পাঁচ তরুণ মেধাবী শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে ইতোমধ্যে চাকরিতে যোগদান করেছেন। দীর্ঘ প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নিজেদের মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়ে শিক্ষকতার মহান পেশায় যুক্ত হওয়ায় তাঁদের নিয়ে আনন্দিত পৃথিমপাশাবাসী।
চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ও যোগদানকারী পাঁচজন হলেন পৃথিমপাশা গ্রামের আজেল মিয়া, রাজাপুর গ্রামের তোফায়েল আহমদ, মো. আহাদ আলী, অপু দত্ত এবং কলিরকোনা গ্রামের মাহমুদ হোসাইন।
জানা গেছে, গত ১ অক্টোবর মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। চলতি সপ্তাহের মধ্যেই তাঁদের উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন ও দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
স্থানীয়রা একাত্তর কুলাউড়া কে জানান, প্রত্যন্ত ইউনিয়ন থেকে উঠে এসে পাঁচ তরুণের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়। তাঁদের এ সাফল্য এলাকার শিক্ষার্থী ও তরুণদের জন্য অনুপ্রেরণারও উৎস হয়ে উঠেছে।
পৃথিমপাশা ইউনিয়নের বাসিন্দারা নবনিযুক্ত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে তাঁদের কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।


