মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,
রাজশাহী, ১৩ জুলাই ২০২৬
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রাপ্য ৫% বিলম্বজনিত আইনি পাওনা বিগত ১৬ বছর ধরে পরিশোধ না করে উল্টো নতুন রিটের মাধ্যমে শ্রমিকদের অধিকার খর্ব করার অপচেষ্টা চালাচ্ছে গ্রামীণফোন। এই অভিযোগ এনে এবং এর তীব্র প্রতিবাদ জানিয়ে রাজশাহীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৩ জুলাই) সকালে রাজশাহীর সাগরপাড়া বটতলা মোড়ে ওয়ালটন শোরুমের সামনে ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী অঞ্চল’-এর উদ্যোগে এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আইনি জটিলতা ও নতুন রিটের চালবাজি
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০১১ সালে শিল্প প্রতিষ্ঠান (Industrial Undertaking) সংক্রান্ত এসআরও-কে (SRO) চ্যালেঞ্জ করে গ্রামীণফোন যে রিট দায়ের করেছিল, তা পরবর্তীতে তারা প্রত্যাহার করে নেয়। কিন্তু এরপরও সাবেক কর্মকর্তা-কর্মচারীদের আইনি পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি। এখন বিষয়টিকে আরও দীর্ঘায়িত করতে একই ইস্যুতে পুনরায় নতুন রিট দায়ের করা হয়েছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত এবং শ্রমিকদের ন্যায্য অধিকার হরণের অপচেষ্টা।
পুরো টেলিকম খাতের জন্য বড় হুমকি
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০১০ সালের এসআরও-কে পুনরায় চ্যালেঞ্জ করার এই আত্মঘাতী উদ্যোগ শুধু গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীদেরই ক্ষতিগ্রস্ত করবে না; বরং দেশের সমগ্র টেলিযোগাযোগ খাতে কর্মরত বর্তমান ও ভবিষ্যৎ কর্মকর্তা-কর্মচারীদের শ্রম আইনে স্বীকৃত অধিকারের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। পুরো টেলিকম খাতের শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারকে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানান তারা।
হয়রানি ও মিথ্যা মামলার নিন্দা
দীর্ঘদিন ধরে চলে আসা এই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বক্তারা অভিযোগ করেন, ন্যায্য ও আইনসম্মত দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়ে সাবেক কর্মকর্তা-কর্মচারীদের নানাভাবে প্রশাসনিক বাধা ও পুলিশি হস্তক্ষেপের মুখোমুখি হতে হয়েছে। এমনকি গভীর রাতে গ্রেপ্তার এবং মিথ্যা মামলার শিকারও হয়েছেন অনেকে। এতকিছুর পরও তারা দেশের আইন, সংবিধান এবং বিচার বিভাগের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
প্রধান দাবিসমূহ:
গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীদের ১৬ বছর ধরে বকেয়া থাকা আইনগত ৫% পাওনা অবিলম্বে দ্রুত পরিশোধ করতে হবে।
আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়ের করা সকল হয়রানিমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
শ্রম আইন ও শ্রমিকদের সাংবিধানিক অধিকার কার্যকরভাবে বাস্তবায়নে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।
সর্বস্তরের সংহতি
উক্ত মানববন্ধনে ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী অঞ্চল’-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং রাজশাহীর সুশীল সমাজের সচেতন নাগরিকরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।


