নিজস্ব প্রতিবেদক | ঢাকা
১৮ হাজার টাকা বেতনের সিকিউরিটি গার্ডের চাকরির আশ্বাস দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা দুই ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় এবং পরে অন্য মধ্যস্থতাকারীর কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। রাজধানীর উত্তর বাড্ডার ফুজি টাওয়ারের ষষ্ঠ তলার একটি সংশ্লিষ্ট অফিসকে কেন্দ্র করে এ অভিযোগ সামনে এসেছে।
ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, ফেসবুকে প্রকাশিত চাকরির বিজ্ঞাপন দেখে তাঁরা যোগাযোগ করেন। মাসিক ১৮ হাজার টাকা বেতনের চাকরির আশ্বাস পেয়ে গত ১২ অক্টোবর ঢাকায় পৌঁছান তাঁরা।
অভিযোগ রয়েছে, চাকরির বিষয়ে প্রাথমিক যোগাযোগের সময় অর্থ দেওয়ার শর্ত স্পষ্ট করা হয়নি। তবে ঢাকায় পৌঁছানোর পর তাঁদের কাছে টাকা দাবি করে প্রতরণা করা হয়।
তবে নিয়োগপ্রক্রিয়ায় সংশ্লিষ্ট অফিস, মধ্যস্থতাকারী ও সিকিউরিটি কোম্পানির ভূমিকা কী ছিল, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্যও পাওয়া প্রয়োজন।
তদন্তের দাবি
চাকরির নামে অর্থ আদায়, বেতনের প্রতিশ্রুতি এবং মধ্যস্থতাকারীর মাধ্যমে কর্মী পাঠানোর অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা যাচাই, অর্থ লেনদেনের তথ্য পরীক্ষা, চাকরির বিজ্ঞাপন ও নিয়োগসংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি উঠেছে।
চাকরির আশ্বাস দিয়ে কেউ প্রতারণা বা আর্থিক হয়রানির শিকার হয়ে থাকলে দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে চাকরিপ্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
বাড্ডা থানার পুলিশ বলেছে, অভিযোগের ভিত্তিতে তারা বিষয়টি তদন্ত করে দেখবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।


