রাজবাড়ী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে এক যুবককে কামড়ে গুরুতর আহত করেছেন অপর এক ব্যক্তি। ধারণা করা হচ্ছে, চুরি করতে গিয়ে ধরা পড়ে পালানোর চেষ্টাকালে বাড়ির মালিকের ছেলেকে তিনি কামড়ে দেন। বাড়ির মালিকের আহত ছেলে এবং সন্দেহভাজন চোর হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওপাড়া গ্রামের কুদ্দুস শেখের বাড়িতে গভীর রাতে চোর প্রবেশ করে ঘরের মূল্যবান মালপত্র খুঁজতে থাকে। এসময় রবিন শেখ চোরের উপস্থিতি টের পেয়ে, কৌশলে একজনকে জাপটে ধরেন। তখন ঐ ব্যক্তি রবিন শেখের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন রবিনের চিৎকারে বাড়ির ও আশপাশের লোকজন এসে তাকে ধরে ফেলেন। শনিবার সকালে এলাকাবাসী ঐ ব্যক্তিকে পিটুনি দেন।
কথিত চোর সোহেল মল্লিক মাগুরার মোহম্মদপুর উপজেলার ভাটুরা গ্রামের ইউনুছ মল্লিকের ছেলে বলে জানা গেছে। বর্তমানে রবিন শেখ, তার পিতা কুদ্দুস শেখ ও সোহেল মল্লিক মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান জানান, আহত কুদ্দুস শেখ, তার ছেলে রবিন শেখ ও সোহেল মল্লিক নামে তিন জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মধুখালী থানা পুলিশর একটি সুত্রে বলছে,আসলেও এটা চুরির ঘটনা কি না? তা তাদের জানা নেই। ঐ ব্যাক্তি চোর কি না, তাও স্পষ্ট নয়। চোর সন্দেহে এমন একটি ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি, তবে এ ঘটনায় কেউ থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



