জেলা প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজার জেলা দিন দিন অপরাধ প্রবণতা বৃদ্ধি হয়েই চলছে । কোন ভাবেই নিয়ন্ত্রণে আসতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এবার কক্সবাজার এর চকরিয়া উপজেলার কাকারায় চাঞ্চল্যকর জিসান হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই মারুফ (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী অপহরণের শিকার হয়েছে।
নিখোঁজের পর একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। সময়মতো টাকা না দিলে ওই শিক্ষার্থীর লাশ পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
অপহৃত মারুফ চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জিদ্দা বাজার এলাকার নুরুল আলমের ছেলে। সে কাকারা শাহ ওমরাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয় মারুফ। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। ওই দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিল বলেও নিশ্চিত করেছে স্কুল কর্তৃপক্ষ।
সারাদিন সব জায়গায় খোঁজাখুঁজি করেও মারুফের কোনো সন্ধান না পেয়ে বুধবার চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
জিডি করার পরপরই বুধবার সন্ধ্যার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে মারুফের পরিবারের মোবাইলে ফোন আসে। ফোনে অপহরণকারীরা জানায়, মারুফ তাদের জিম্মায় রয়েছে এবং তাকে ফেরত পেতে হলে দ্রুত ১ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। দাবি করা টাকা না দিলে অ্যাম্বুলেন্সে করে ছেলের লাশ পাঠিয়ে দেওয়া হবে বলেও চরম হুমকি দেয় তারা।
পরপর দুটি ঘটনায় চকরিয়া উপজেলার কাকারা ও আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে এবং অপহরণকারীদের হুমকির মুখে চরম উৎকণ্ঠা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে চকরিয়া থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার এবং ফোনকলের সূত্র ধরে চক্রটিকে চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।


