মোঃ রাকিব হাসান, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ নম্বর তিরনই হাট ইউনিয়ন পরিষদের উদ্যোগে চেয়ারম্যান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ফকিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
২ নম্বর তিরনই হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু।
এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি শাহজাদ হোসেন রঞ্জু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শাহীন ও মোঃ আবু সাইদ মিয়া, তিরনই হাট বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক আমান, ফকিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক, অনলাইন জুয়া-ক্যাসিনো, মোবাইল গেম ও মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে দূরে রেখে খেলাধুলামুখী করতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে সামাজিক অবক্ষয় ও অপসংস্কৃতি দূর করার পাশাপাশি তরুণদের মেধা ও মননের বিকাশ ঘটবে।
আয়োজকরা জানান, আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের খেলাধুলার আয়োজন করা হবে।
খেলাকে ঘিরে স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফুটবলপ্রেমী দর্শকরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন।


