মো. রাকিব হাসান (পঞ্চগড় জেলা প্রতিনিধি):
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়া–বুড়ি বাজার এলাকায় জামায়াত–এনসিপির নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের ভিডিও সংবাদ সংগ্রহ করতে গেলে চ্যানেল এইচ ও দৈনিক আমাদের পত্রিকার প্রতিবেদকের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে তেঁতুলিয়া উপজেলা এনসিপি যুবশক্তির আহ্বায়ক মো. হযরত আলীর বিরুদ্ধে।
নির্বাচনী বিধি অনুযায়ী রাত ৮টার মধ্যে সকল ধরনের প্রচারণা শেষ করার নিয়ম থাকলেও বুড়া–বুড়ি বাজারে অনুষ্ঠিত জামায়াত–এনসিপির পথযাত্রা ও প্রচারণা নির্ধারিত সময়ের পরও চলতে থাকে। এ সময় ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট পক্ষকে জরিমানা করেন।
এই জরিমানা ও প্রচারণা সংক্রান্ত ঘটনাটি ভিডিও আকারে ধারণ করে সংবাদ প্রকাশের জন্য প্রস্তুতি নেন চ্যানেল এইচ ও দৈনিক আমাদের পত্রিকার পঞ্চগড় জেলা প্রতিনিধি মো. রাকিব হাসান। অভিযোগ রয়েছে, ভিডিও ধারণের বিষয়টি নজরে আসতেই তেঁতুলিয়া উপজেলা এনসিপি যুবশক্তির আহ্বায়ক মো. হযরত আলী সাংবাদিকের ওপর চড়াও হন। তিনি ভিডিও ধারণে বাধা দেন এবং সাংবাদিককে বিভিন্নভাবে ভয়ভীতি ও হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে।
আরও অভিযোগ করা হয়, এ সময় সাংবাদিককে এজেন্ট, দালালসহ নানা আপত্তিকর ভাষায় গালাগালি করা হয় এবং পেশাগত দায়িত্ব পালন করতে বাধা সৃষ্টি করা হয়। এমনকি তাকে হুমকিও দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে সাংবাদিক মো. রাকিব হাসান বলেন,
“আমি একজন পেশাদার ও নিরপেক্ষ সাংবাদিক হিসেবে ঘটনাস্থলে দায়িত্ব পালন করছিলাম। আচরণবিধি লঙ্ঘনের একটি ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সংগ্রহের সময় আমাকে কেন এভাবে হেনস্তা করা হলো, তা বোধগম্য নয়। আমি কাউকে উসকানি দিইনি বা অপমানসূচক কিছু বলিনি। বরং পেছন থেকে এসে আমাকে প্রশ্ন করা হয়—আমি কে, কেন ভিডিও করছি, কোন গণমাধ্যম থেকে এসেছি—এমনকি আমাকে ভুয়া সাংবাদিক বলেও অপমান করা হয়।”



