জেলা প্রতিনিধি বান্দরবান :
বান্দরবান সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বান্দরবান জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বান্দরবান সদর থানাধীন মধ্যমপাড়ায় জনৈক নিপু ধরের বাড়ির সুমনের বসতঘরে অভিযান চালায় পুলিশের একটি আভিযানিক দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. শাহাব উদ্দীন (২৬) ও মো. মোমিন (২৫) নামে দুই যুবককে আটক করা হয়।
পরে তাদের হেফাজত থেকে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় বান্দরবান সদর থানায় মামলা করা হয়েছে।
বান্দরবান জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং অপরাধ দমনে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



