আনিসুর রহমান মানিক, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের অন্যতম পর্যটন আকর্ষণ তেঁতুলিয়া ডাকবাংলোকে আধুনিকায়ন, অবকাঠামোগত সংস্কার ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার লক্ষ্যে আকস্মিক পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এম. এ. মজিদ।
২-৯-২০২৬ সোমবার
তিনি জেলা পরিষদের নবাগত ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হককে সঙ্গে নিয়ে তেঁতুলিয়া ডাকবাংলো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক ডাকবাংলোর সার্বিক অবকাঠামো, বিদ্যমান সুযোগ-সুবিধা এবং চলমান ও পরিকল্পিত উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি পর্যটক ও দর্শনার্থীদের জন্য বিদ্যমান সেবার মান, পরিবেশ এবং অবকাঠামোগত অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।
ডাকবাংলোর পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা পরিষদ প্রশাসক এম. এ. মজিদ।
তিনি বলেন, “তেঁতুলিয়া ডাকবাংলোকে একটি আধুনিক, নান্দনিক ও পর্যটকবান্ধব স্থাপনা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এর মাধ্যমে পর্যটক ও দর্শনার্থীদের জন্য উন্নত পরিবেশ ও মানসম্মত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।”
উল্লেখ্য, তেঁতুলিয়া পঞ্চগড় জেলার অন্যতম সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিবছর অসংখ্য পর্যটক ও দর্শনার্থীর আগমন ঘটে। তেঁতুলিয়া ডাকবাংলোর অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলের পর্যটন সম্ভাবনা আরও বিকশিত হবে। পাশাপাশি পর্যটকদের আগমন বৃদ্ধি, স্থানীয় অর্থনীতির প্রসার এবং জেলার পর্যটন খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।



