মোঃ রাকিব হাসান পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে চিকিৎসাধীন এক রোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ভোররাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অসুস্থ নানাকে দেখতে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে এসে শিশুটি সেদিন রাতে ওয়ার্ডের মেঝেতে ঘুমিয়ে ছিল।
এজাহার অনুযায়ী, একই ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন মো. মতিয়ার রহমান (৫৭)। রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি শিশুটির নানীকে বলেন, মেঝেতে ঘুমালে শিশুটির কষ্ট হবে। পরে সরল বিশ্বাসে শিশুটির নানী নাতনিকে তার বেডে ঘুমাতে দেন।
অভিযোগে বলা হয়, ভোর চারটার দিকে শিশুটির চিৎকারে ওয়ার্ডে থাকা অন্যদের ঘুম ভেঙে যায়। পরে শিশুটি কান্নাকাটি করে স্বজনদের জানায়, অভিযুক্ত তার সঙ্গে ধর্ষণের চেষ্টা করেছেন। স্বজনরা বিষয়টি বুঝতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাসুদ বলেন, “হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এমন একটি ঘটনার কথা শুনেছি। পরে জানতে পেরেছি, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।”
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত রোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

