আনিসুর রহমান মানিক, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং নগর যোগাযোগব্যবস্থার উন্নয়নে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৪০০ মিটার পাকা সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় পঞ্চগড় শহরের বানিয়া পট্টি থেকে সিনেমা হল রোড পর্যন্ত এ সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এ সড়কটি নির্মিত হলে শহরের অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রমজান আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনকালে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, পঞ্চগড় শহরের গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি করছিল। বিশেষ করে যানজটের কারণে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হতো। সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে শহরের যানজট সমস্যা অনেকটাই কমে আসবে। একই সঙ্গে যানবাহন ও পথচারীদের চলাচল আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
তিনি আরও বলেন, একটি এলাকার সার্বিক উন্নয়নের জন্য উন্নত যোগাযোগব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক নির্মাণের ফলে স্থানীয় মানুষের যাতায়াতের সুবিধা বাড়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
স্থানীয়দের প্রত্যাশা, সড়কটির নির্মাণকাজ শেষ হলে শহরের ব্যস্ততম এ এলাকার দীর্ঘদিনের চলাচল সমস্যা অনেকটাই লাঘব হবে। পাশাপাশি পঞ্চগড় শহরের সৌন্দর্য বৃদ্ধি ও নাগরিক সুবিধা সম্প্রসারণেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



