মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি।।
বরগুনা–২ আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থী ডাঃ সুলতান আহমদ অভিযোগ করেছেন—পাথরঘাটা উপজেলায় ধারাবাহিক বাধা, হামলা ও ভয়ভীতি সৃষ্টি করে তার নির্বাচনী কার্যক্রম পঙ্গু করে দেওয়ার চেষ্টা চলছে।
বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন—অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, যা নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড সম্পূর্ণভাবে ধ্বংস করেছে।
ডাঃ সুলতান জানান—৯ ফেব্রুয়ারি পাথরঘাটার বিভিন্নস্থানে তার জনসভায় যেতে থাকা কর্মী, সমর্থক এবং সাধারণ ভোটারদের ওপর বিএনপি সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
সমাবেশস্থলে পৌঁছাতেই বাধা, রাস্তায় রাস্তায় মারধর এবং ত্রাস সৃষ্টি—এসব ঘটনা এখন নিত্যদিনের। তিনি বলেন, দিনের আলোয় প্রচারণায় গেলেও নেতাকর্মীরা হামলা ও গালিগালাজের মুখে পড়ছেন, অথচ প্রশাসন ঘটনাগুলো দেখেও না দেখার ভান করছে।
সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বারবার প্রশাসনকে জানাচ্ছি। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেই। বরং মনে হচ্ছে, একটি পক্ষকে সহায়তা করতেই নির্বাচনকে অসম করে ফেলা হচ্ছে।
তিনি বলেন—এই উদাসীনতা ও পক্ষপাতদুষ্ট আচরণ গণতান্ত্রিক পরিবেশকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। সহিংসতা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে শান্তিপূর্ণ নির্বাচন অসম্ভব হয়ে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামি বরগুনা জেলা।



