আজিজুল গাজী, জেলা প্রতিনিধি, বাগেরহাট।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় একটি দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবিদ মোড়ল (৬৫) নামে এক বাইসাইকেল আরোহী কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার টাউন–নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবিদ মোড়ল ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকার বাসিন্দা এবং মৃত দিদার মোড়লের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে আবিদ মোড়ল টাউন–নওয়াপাড়া বাজার থেকে বাইসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। মহাসড়ক পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের নিচে পড়ে যান এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর তাঁর দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়, যা এলাকাবাসীর মধ্যে শোক ও আতঙ্কের সৃষ্টি করে।
দুর্ঘটনার খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,
“ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।”
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। স্থানীয় এলাকাবাসী দ্রুতগামী যানবাহনের নিয়ন্ত্রণ ও মহাসড়কে নিরাপদ পারাপারের ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।



