মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনায় আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি এবং সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রশিবির। এ সময় মিছিলে লিফলেট বিতরণে বাধা দেওয়ার অভিযোগে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিবিরের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বরগুনা শহরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরে-ই-বাংলা সড়কের ফার্মেসি পট্টি এলাকায় আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে পৌঁছায়।
এ সময় এক ব্যক্তি লিফলেট বিতরণ ও মিছিলে বাধা দেন বলে অভিযোগ করেন শিবির নেতাকর্মীরা। পরে ওই ব্যক্তিকে ছাত্রলীগের কর্মী দাবি করে আটক করেন তারা। একপর্যায়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
ঘটনাস্থলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি গাজী হোসাইন মাহমুদ। তিনি অভিযোগ করেন, ছাত্রলীগের ওই কর্মীকে আটকের পর পুলিশ ঘটনাস্থলে এসে তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করে। ছাত্রশিবির সব সময় ন্যায়ের পক্ষে রয়েছে উল্লেখ করে এ ধরনের ঘটনায় পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে সকাল থেকেই বরগুনা শহরের বিভিন্ন স্থানে মিছিল করেছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও।
বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



