পটুয়াখালী(বাউফল ) প্রতিনিধি: রুবেল হোসেন
পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফল উপজেলায় তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে সরকার ও জনপ্রতিনিধি বদলালেও বাউফলের ভাগ্য বদলায়নি। ফেরিনির্ভর যোগাযোগ, বগা সেতুর অভাব, নদীভাঙন, বেকারত্ব, কৃষক ও জেলেদের দুর্দশা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং মাদকের আগ্রাসন—এই সমস্যাগুলো থেকে মুক্ত করতেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, দায়িত্বের জন্য। আমি শাসক হতে চাই না, বাউফলবাসীর খাদেম হয়ে কাজ করতে চাই।” তিনি জানান, নির্বাচিত হলে সরকারি কোনো সুযোগ-সুবিধা নিজে গ্রহণ করবেন না এবং প্রাপ্ত বেতন-ভাতা জনগণের কল্যাণে ব্যয় করবেন।
ইশতেহারে তিনি ৬০ দিনের মধ্যে মাদক নির্মূল, ৯০ দিনের মধ্যে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, বগা সেতু বাস্তবায়ন, নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতকরণ, যুবকদের জন্য মিনি স্টেডিয়াম নির্মাণ এবং খাল পুনঃখননের প্রতিশ্রুতি দেন।
এছাড়া ইউনিয়নভিত্তিক উন্নয়ন পরিকল্পনায় প্রতিটি ইউনিয়নে রাস্তা সংস্কার, নদীভাঙন প্রতিরোধ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পুলিশ ফাঁড়ি, ফায়ার সার্ভিস, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন ও কৃষক-জেলেদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়।
পৌরসভাকে আধুনিক শহরে রূপান্তরের লক্ষ্যে স্মার্ট পৌর প্রশাসন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, ড্রেনেজ উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট, পার্ক, লাইব্রেরি, স্টেডিয়াম ও সিসিটিভি স্থাপনের পরিকল্পনার কথাও ইশতেহারে তুলে ধরা হয়।
তিনি আরও বলেন, “বাউফলে বিভাজনের রাজনীতি নয়—ভালোবাসা, সহাবস্থান ও নিরাপদ জীবন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
ইশতেহার ঘোষণার সময় স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



