নোমাইনুল ইসলাম
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফাইনালে হিল ভয়েজ মাদ্রাসাপাড়া ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ।
ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে খেলা শুরুর আগেই মাঠে ক্রীড়াপ্রেমীদের ভিড় জমে। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শুরু হয় ম্যাচ। শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলায় ম্যাচজুড়ে ছিল উত্তেজনা।
ম্যাচের বিভিন্ন সময়ে দুই দলই গোলের সুযোগ তৈরি করে। তবে সুযোগ কাজে লাগিয়ে দুই গোল আদায় করে নেয় হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ। বিপরীতে হিল ভয়েজ মাদ্রাসাপাড়া ফুটবল একাদশ গোলের একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করে হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ।
খেলা শেষে মেগা ফাইনালের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ মামুন।
বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও রাঙামাটি জেলা বিএনপির সদস্য বিল্টু চাকমা এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মজুমদার।
এ ছাড়া অনুষ্ঠানে রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দীন বাবু, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং ক্রীড়াঙ্গনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্য সচিব ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন আশিকুর রহমান মানিক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. মহিউদ্দিন।


