নোমাইনুল ইসলাম,
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞানাগার (সায়েন্স ল্যাব), ওয়াল লাইব্রেরি ও অভিভাবক শেড উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এসব সুবিধার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমেনা মারজান।
উদ্বোধনকালে ইউএনও আমেনা মারজান বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জন, পাঠাভ্যাস তৈরি এবং সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিজ্ঞানাগার, ওয়াল লাইব্রেরি ও অভিভাবক শেড বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করতে সহায়ক হবে।
বক্তারা বলেন, বিজ্ঞানাগারের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবে। এতে বিজ্ঞানের বিষয়গুলো বাস্তবভিত্তিকভাবে শেখার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে ওয়াল লাইব্রেরি শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস, জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখবে।
বিদ্যালয়ে আগত অভিভাবকদের অপেক্ষা ও অবস্থানের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে অভিভাবক শেড। এর ফলে বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ আরও সুশৃঙ্খল হবে বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্র সেন চাকমা, কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষার্থীদের অভিভাবক, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


