বান্দরবান প্রতিনিধি
বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন ইউটিলিটি (সার্ভিস) ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভোলা জেলার হাজরত আলীর ছেলে মো. শাকিব (২৩) এবং একই জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা কামরুল হাসান (৩৫)।
প্রত্যক্ষদর্শী মো. তুহিন ও টিটু চক্রবর্তী জানান, নির্মাণাধীন সার্ভিস ভবনের তৃতীয় তলায় চারজন শ্রমিক দেয়াল গাঁথুনির কাজ করছিলেন। এ সময় একটি স্টিলের অ্যাঙ্গেল পার্শ্ববর্তী ১১ হাজার কেভি বিদ্যুৎ লাইনের ওপর পড়ে যায়। পরে অ্যাঙ্গেলটি সরানোর চেষ্টা করলে শাকিব বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে পাশে থাকা শ্রমিক কামরুল হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মর্মান্তিক মৃত্যু হয়।
খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী জানান, আহত দুই শ্রমিক শারীরিকভাবে সুস্থ আছেন। তবে ঘটনার আকস্মিকতায় তারা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে একজন অজ্ঞান হয়ে পড়েন এবং অপরজন চরম আতঙ্কিত হয়ে পড়েন।
বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতদের স্বজনরা এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।


