এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া–লালনশাহ সেতু মহাসড়কের ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ক্যানেলপাড়া হাসপাতাল রোডে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মোটরসাইকেল চালক মোঃ সিয়াম শেখ (১৬), পিতা হাবিবুর রহমান এবং আরোহী আব্দুর রশিদ (১৬), পিতা আব্দুল কুদ্দুস। তারা দু’জনই কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বিজনগর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, যাত্রী ছাউনি থেকে ভেড়ামারাগামী একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো নং–১১-৭৭০৭) এবং ভেড়ামারা থেকে যাত্রী ছাউনিগামী রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনায় জড়িত মিনি ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও মোটরসাইকেল আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



