মোঃ ইয়াছিন আকাশ, চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় নাম, চট্টগ্রামের পটিয়ার গর্ব প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মবার্ষিকী আজ। ১৯১১ সালের ৫ মে পটিয়ার ধলঘাট গ্রামে এই সাহসী নারী জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ প্রীতিলতা ছিলেন মাস্টারদা সূর্য সেনের একনিষ্ঠ সহযোগী।
তৎকালীন সমাজব্যবস্থায় নারীদের ঘরের বাইরে আসা যখন কঠিন ছিল, তখন তিনি জীবনের ঝুঁকি নিয়ে ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন।
১৯৩২ সালে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দিয়ে তিনি ইতিহাসে নিজের নাম অক্ষয় করে রাখেন।
ক্লাবটিতে সফল অভিযান শেষে ব্রিটিশ বাহিনীর হাতে ধরা পড়ার উপক্রম হলে, দাসত্ব বরণ না করে পটাশিয়াম সায়ানাইড পান করে তিনি আত্মাহুতি দেন। তার এই মহান আত্মত্যাগ তৎকালীন মুক্তিকামী মানুষের মনে স্বাধীনতার স্পৃহা আরও বাড়িয়ে দিয়েছিল।
আজকের এই বিশেষ দিনে চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে। প্রীতিলতা ওয়াদ্দেদার আজও তরুণ প্রজন্মের কাছে অন্যায় ও শোষণের বিরুদ্ধে লড়াই করার প্রধান অনুপ্রেরণা হয়ে আছেন। দেশমাতৃকার তরে তার দেওয়া সর্বোচ্চ বিসর্জন বাঙালির হৃদয়ে চিরকাল অমলিন থাকবে।


