ঢাকাTuesday , 28 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মরণফাঁদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: এক ঘণ্টায় ৩ দুর্ঘটনায় ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৫, বহু আহত

    admin
    April 28, 2026 3:30 pm
    Link Copied!

    এমকে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। মঙ্গলবার সকালে মাত্র এক ঘণ্টার ব্যবধানে চকরিয়া ও লোহাগাড়া অংশে তিনটি পৃথক ও ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বৌদ্ধ ভিক্ষুসহ ৫ জন প্রাণ হারিয়েছেন। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে মহাসড়কের হারবাং, মালুমঘাট ও চুনতির জাঙ্গালিয়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন গুরুতর আহত হয়ে হাসপাতালের শয্যায় ছটফট করছেন।

    এক ঘণ্টায় তিন স্থানে মরণ কামড়:- সকাল ৮টা ১০ মিনিটের দিকে চকরিয়ার হারবাং বাজারের উত্তরে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাতকানিয়ার মো. মিজানুর রহমান (৩২) নামে এক যুবক নিহত হন। ঠিক একই সময়ে মালুমঘাট এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে চট্টগ্রামের চান্দগাঁও এলাকার মো. ইউসুফ ঘটনাস্থলেই প্রাণ হারান।

    সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে সকাল ৯টায় লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায়। কক্সবাজার থেকে খাগড়াছড়ি গামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গভীর খাদে পড়ে যায়। লোহাগাড়া থানার ওসি আবদুল জলিল জানান, ঘটনাস্থলেই দুই বৌদ্ধ ভিক্ষুসহ ৩ জন নিহত হন। লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র জানান, খাদ থেকে হতাহতদের উদ্ধারে বেগ পেতে হয়েছে।

    ছয় লেনের গুরুত্ব ও অবহেলা:- এদিকে বারবার এমন রক্তক্ষয়ী দুর্ঘটনার জন্য মহাসড়কের সরু ও জরাজীর্ণ অবস্থাকেই দায়ী করছেন স্থানীয় যাত্রী ও বিশেষজ্ঞরা। পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে যোগাযোগের এই একমাত্র প্রধান সড়কটিতে যানবাহনের চাপ কয়েক গুণ বাড়লেও তা এখনো দুই লেনের রয়ে গেছে। বিশেষ করে লোহাগাড়া ও চকরিয়ার আঁকাবাঁকা মোড়গুলো একেকটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।

    পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কটি দ্রুত ছয় লেনে উন্নীত করা এখন সময়ের দাবি। পর্যটন ও বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় এই সড়কটি প্রশস্ত করণের কাজ দীর্ঘ দিন ধরে আলোচনায় থাকলেও বাস্তবে তার দৃশ্যমান নেই, অগ্রগতিও সামান্য। স্থানীয়দের অভিযোগ, সড়কটি প্রশস্ত না হওয়ায় ওভার টেকিং করতে গিয়েই সিংহভাগ দুর্ঘটনা ঘটছে।

    পুলিশ ও প্রশাসনের বক্তব্য:- চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ আরিফুল আমিন ও মালুমঘাট হাইওয়ে থানার কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তবে সরু রাস্তায় দ্রুতগতিতে গাড়ি চালানোই দুর্ঘটনার অন্যতম কারণ। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

    মহাসড়কটি দ্রুত আধুনিকায়ন ও ছয় লেনে উন্নীত করা না হলে এই মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয় বলে মনে করছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST