ঢাকাThursday , 8 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরের মনিরামপুরে আনসার সদস্যদের দৈনিক ভাতা থেকে ১৫০ টাকা কেটে নেওয়ার অভিযোগ ভিডিপি রউফের বিরুদ্ধে

    admin
    October 8, 2026 8:07 pm
    Link Copied!

    অনুসন্ধান প্রতিবেদন

    যশোরের মণিরামপুর উপজেলার আনসার ও ভিডিপি অফিসার মো. আব্দুর রউফের বিরুদ্ধে কর্মে নিয়োজিত আনসার সদস্যদের দৈনিক ভাতা থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

    অনুসন্ধানে গিয়ে জানা যায়, মণিরামপুর পৌরসভায় যানজট নিরসনের লক্ষ্যে মোট ১৬ জন আনসার সদস্যকে নিয়োগ দেওয়া হয়।

    পৌর প্রশাসক ও মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেনের উদ্যোগে গত ১১ সেপ্টেম্বর তাদের এই কাজে নিয়োগ করা হয়। নিয়োগের শর্ত অনুযায়ী, প্রতিটি আনসার সদস্যের দৈনিক ভাতা ৫০০ টাকা এবং আনুষঙ্গিক ৩০% হিসেবে ১৫০ টাকা যোগ করে মোট ৬৫০ টাকা ধার্য করা হয়। সেই হিসেবে ১৬ জন সদস্যের প্রতিদিনের মোট বরাদ্দ ১৬ × ৬৫০ = ১০,৪০০ টাকা।

    তবে সারাদিন জানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করলেও এই টাকা থেকে জনপ্রতি ১৫০ টাকা করে কেটে রাখা হয় বলে অভিযোগ উঠেছে।

    সেই হিসেবে ১৬ জন আনসার সদস্যের প্রতিদিন মোট (১৬ × ১৫০) = ২,৪00 টাকা এবং মাসিক বা ৩০ দিনে তা দাঁড়ায় (২,৪০০ × ৩০) = ৭২,০০০ টাকা!

    অফিস খরচ’ ও অন্যান্য বাবদ এই বিশাল অঙ্কের টাকা প্রতি মাসে কর্তন করা হলেও চাকরি হারানোর ভয়ে ভুক্তভোগী আনসার সদস্যরা মুখ খুলতে সাহস পান না। ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তার এই বিশেষ জনকল্যাণমূলক উদ্যোগও কতিপয় অর্থলোভী মানুষের কারণে বাধাগ্রস্ত হচ্ছে।

    এ বিষয়ে মণিরামপুর পৌরসভার হিসাবরক্ষক শাহিন হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আনসার সদস্যদের বেতন-ভাতা ৬৫০ টাকা করেই দেওয়া হয়। তাদের থেকে এক টাকাও কাটা হয় না এবং প্রত্যেকের নিজ নিজ নামের বরাদ্দেই এই বেতন পরিশোধ করা হয়। আমাদের কাছে এর সম্পূর্ণ তালিকা ও প্রমাণ রয়েছে।

    তবে ভিন্ন কথা বলেছেন অভিযুক্ত উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. আব্দুর রউফ (পিভিএম)। তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই টাকা আমি খাই না, এটা অফিস খরচ বাবদ কেটে রাখা হয়।

    তবে এই টাকা কোথায় খরচ হয় এবং এর কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। উল্টো তিনি দাবি করেন, আনসার সদস্যদের জামাকাপড় ও লাঠি কিনতে এই অর্থ ব্যয় হয়ে থাকে।

    তার এই দাবি সরাসরি উড়িয়ে দিয়েছেন কর্তব্যরত আনসার সদস্যরা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের জামাকাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র আমরা নিজেদের টাকায় কিনেছি। তাছাড়া উনি (কর্মকর্তা) অল্প কয়েকজনের হয়তো সামান্য কিছু কিনে দিতে পারেন, তবে সেটা সরকারের টাকায়।
    এর সাথে দৈনিক ভাতার এই বড় অংকের টাকা কেটে রাখার কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন আনসার সদস্যরা।

    এই বিষয়সহ আরো অন্যান্য কয়েকটি অভিযোগ এনে অভিযুক্ত মো. আব্দুর রউফ এর বিরুদ্ধে এক আনসার সদস্য লিখিত অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক বরাবর। যার একটি কপি গণমাধ্যমের হাতে এসেছে।

    এ বিষয়ে মণিরামপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন বলেন, কোনো অনিয়ম সংক্রান্ত অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। আনসার/ভিডিপি সদস্যরা পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করছেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে তাদের যে অভিযোগ তা খতিয়ে দেখা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST