নিজস্ব প্রতিবেদক
যশোরে ফ্যামিলি কার্ড প্রকল্পের উপকারভোগী বাছাইয়ে গাফিলতি ও অনিয়মের অভিযোগে সমাজসেবা অধিদপ্তরের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে গত ২১ মে তাদের বদলিপূর্বক স্ট্যান্ড রিলিজ করা হয়েছিল।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—সমাজসেবা অধিদপ্তর যশোরের উপ-পরিচালক হারুন অর রশীদ, সহকারী পরিচালক সাইফুল ইসলাম, সহকারী পরিচালক ইতি দত্ত সেন এবং যশোর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব জানিয়েছেন, দায়িত্ব পালনে অবহেলা ও অভিযোগের প্রেক্ষিতে গত ৭ জুন তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের উপকারভোগী তালিকায় অন্তত ৬২ জন সচ্ছল ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ ওঠে। পরে তদন্তে তালিকায় অসঙ্গতি ধরা পড়লে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।


