নিজস্ব প্রতিবেদক
যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেল পাম্প এলাকায় ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত আরো ২ জন গুরুতর আহত হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে যশোরসদর উপজেলার চাউলিয়া তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান মহাসড়কের চাউলিয়া তেল পাম্প এলাকায় পৌঁছালে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন ঘুনি পূর্বপাড়া এলাকার মৃত হাসান আলী মোল্লার ছেলে ও ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪) এবং চাউলিয়া এলাকার মৃত কালু শেখের ছেলে আনোর আলী (৭০)।
এ ঘটনায় অজ্ঞাতনামা প্রায় ৪ বছর বয়সী এক শিশু এবং মনিরামপুর উপজেলার মোহনপুর এলাকার সাজ্জাদ হোসেন (২৮) গুরুতর আহত হন। তারা বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।


