উমংনু মারমা
বান্দরবান ,প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলার ৩০০ নং আসনের নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী প্রথমবারের মতো রোয়াংছড়ি উপজেলা সফর করেছেন। তাঁর এই প্রথম আগমনকে কেন্দ্র করে উপজেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। সফর উপলক্ষে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে বর্ণাঢ্য নানা কর্মসূচি এবং এক উৎসবমুখর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) সকাল সাড়ে ৯টায় উপজেলার বেংছড়ি পাড়া বৌদ্ধ বিহারের ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এমপি সাচিং প্রু জেরী তাঁর সরকারি সফর শুরু করেন। এরপর তিনি অংজাই পাড়া বৌদ্ধ বিহারের সীমাঘর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম এবং স্থানীয় ভূমি সেবা বুথ পরিদর্শন করেন। এ সময় তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে খোঁজখবর নেন।
পরবর্তীতে সকাল সাড়ে ১১টায় রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি-র সভাপতিত্বে এবং রোয়াংছড়ি কলেজের প্রভাষক উহাইসিং মারমা-র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ফারহান ফাইয়াজ, সহকারী কমিশনার (ভূমি)
এহসানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা
হুমায়ুন কবীর, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রোয়াংছড়ি থানা
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৌজার হেডম্যান, পাড়ার কারবারি, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরী সুপেয় পানির সংকটের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন:
”পানির অপর নাম জীবন। পার্বত্য অঞ্চলের যেসব এলাকায় এখনো সুপেয় পানির তীব্র সংকট রয়েছে, সেখানে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। জনগণের মৌলিক চাহিদা পূরণ ও সুস্বাস্থ্যের জন্য পানি সংকট দূর করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার।”
তিনি উপজেলার চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য এবং জনসেবামূলক খাতকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
জনসম্পৃক্ততার নতুন দিগন্ত
উন্মুক্ত আলোচনা পর্বে স্থানীয় হেডম্যান, কারবারি ও সাধারণ নাগরিকরা এলাকার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও বিভিন্ন উন্নয়নমূলক দাবি সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। এমপি ধৈর্যসহকারে সকলের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়নের আশ্বাস দেন।
উপস্থিত স্থানীয় বাসিন্দাদের মতে, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং সংসদ সদস্যের উপস্থিতিতে এ ধরনের সরাসরি মতবিনিময় প্রত্যন্ত অঞ্চলের মানুষের অধিকার নিশ্চিত করতে এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সম্পৃক্ততা আরও বাড়িয়ে তুলবে।


