মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খাগড়াদানা গ্রামের ৯১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের প্রধান সড়কের একটি বড় অংশ ভেঙে পুকুরের গর্ভে চলে গেছে। এতে পথচারী, শিক্ষার্থী ও এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির পাশের অংশ ভাঙতে ভাঙতে বর্তমানে বড় একটি অংশ পুকুরে বিলীন হয়ে গেছে। ফলে সড়কটি অত্যন্ত সরু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রিকশা-ভ্যানসহ সাধারণ যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বিশেষ করে প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াতের সময় জীবনের ঝুঁকি নিয়ে সড়কটি পার হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি ভেঙে যাওয়ার পর ইতোমধ্যে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে। বর্ষা মৌসুমে পানি ও সড়কের পাশের মাটি আরও নরম হয়ে যাওয়ায় ভাঙন বাড়ার আশঙ্কা রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে সড়কের অবশিষ্ট অংশও পুকুরে বিলীন হয়ে যেতে পারে।
এলাকাবাসীর দাবি, বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে আগামী এক মাসের মধ্যে জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কার করতে হবে। পাশাপাশি পুকুরের পাশের ভাঙন ঠেকাতে পাকা দেয়াল বা শক্তিশালী গাইডওয়াল নির্মাণ করা প্রয়োজন। বর্ষা মৌসুম শেষ হওয়ার আগেই স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ অবস্থায় শ্যামনগর পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের প্রতি দ্রুত সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের খাগড়াদানা গ্রামের বাসিন্দারা।


