মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।
সুন্দরবনে বন বিভাগের গুলিতে কাঁকড়া জেলে আমিনুর রহমান নিহতের ঘটনায় সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নে নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সোমবার রাতে ঢাকা থেকে নিজ এলাকায় ফিরে মঙ্গলবার সকালে তিনি গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের নিহত আমিনুর রহমানের বাড়িতে যান।
এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতা ও পুনর্বাসনের আশ্বাস দেন। গাবুরা ইউনিয়নেই এমপি গাজী নজরুল ইসলামের জন্ম হওয়ায় ঘটনাটি নিয়ে তিনি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন,
“জন্ম থেকেই আমরা প্রতিবাদ করতে শিখেছি। একাত্তরে প্রতিবাদ করেছি, চব্বিশেও করেছি। বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো আমাদের সহজাত অধিকার।”
তিনি আরও বলেন,
“আর যদি একটা গুলি চলে, তাহলে শুধু ৯ নম্বর নয়, পুরো গাবুরাবাসীকে একসাথে প্রতিবাদ করতে হবে। খবর পাওয়ার পর আমি ডিএফও, এসপি, ওসি ও ইউএনওকে জানিয়েছি।”
উল্লেখ্য, সোমবার সুন্দরবনে কাঁকড়া জেলে নিহতের ঘটনার প্রতিবাদে বুড়িগোয়ালিনী সাতক্ষীরা রেঞ্জ ফরেস্ট অফিসের সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় উত্তেজিত কিছু ব্যক্তি বন বিভাগের অফিসে ভাঙচুর চালিয়েছে বলে জানা যায়।
বন বিভাগের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হওয়ার প্রসঙ্গে এমপি গাজী নজরুল ইসলাম বলেন,
“শুনলাম মামলা হবে, বাছাই করে মামলা হবে। কেন বাছাই হবে? মিছিলে হাজার মানুষ ছিল, ভাঙচুর করেছে হয়তো ২০-৩০ জন। সবাই তো ভাঙচুর করেনি।”
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জেলে নিহতের বিচার দাবি করে প্রশাসনের প্রতি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


