জেলা প্রতিনিধি
কক্সবাজার
কক্সবাজারের রামুতে ৩০ বিজিবির একটি দল অভিযান চালিয়ে ৫৪ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যকে আটক করেছে। ৬ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে আরাকান সড়কে তাকে আটক করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবার পাশাপাশি একটি মোটরসাইকেল, দুটি আইফোন এবং নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করে বিজিবি।
যেভাবে উদ্ধার হলো ইয়াবার চালান সে বিষয়ে বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে মরিচ্যা যৌথ চেকপোস্টে ওই মোটরসাইকেলটির গতিপথ রোধ করেন দায়িত্বরত সদস্যরা। চালক মুন্না শিকদারের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে বিশদ জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলের ভেতরে তৈরি করা একটি বিশেষ গোপন বাক্স থেকে নিপুণভাবে প্যাকেটজাত অবস্থায় ৫৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আইনি পদক্ষেপ ও কর্মকর্তাদের বক্তব্যে জানা যায় ৩০ বিজিবির নায়েক সুবেদার মোহাম্মদ আরিফুর রহমান বাদী হয়ে রামু থানায় একটি মামলা দায়ের করেন এবং আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেন।
রামু থানা পুলিশ এর রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, বিজিবির দায়ের করা এজাহারের ভিত্তিতে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আটক ব্যক্তি যে বাহিনীর সদস্যই হোন না কেন, অপরাধ করলে কেউই আইনের উর্ধ্বে থাকবেন না।
১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউসার সিদ্দিকী নিশ্চিত করেছেন যে আটক মুন্না এপিবিএনেরই সদস্য। তিনি জানান, মুন্না ২১ দিনের ছুটিতে ছিলেন এবং এরই মধ্যে তাকে ১৬ এপিবিএন থেকে ঢাকায় বদলি করা হলেও তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি। ছুটিতে থাকা অবস্থাতেই সে এমন জঘন্য অপরাধে জড়িয়ে পড়ে।


