আশরাফুল ইসলাম, ফেনী সদর প্রতিনিধি
ফুলগাজীর মুন্সীরহাটে অবস্থিত বেগম খালেদা জিয়া সড়কের জরাজীর্ণ একটি গুরুত্বপূর্ণ অংশ স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী। মুন্সীরহাটের টুকির বাড়ির সামনে থেকে সিলোনিয়া নদীর কূল পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার রাস্তার উপর ইটের গুঁড়া (Brick Dust) ও রাবিশ (Rubble) ফেলে চলাচলযোগ্য করে তোলেন তিনি।
দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় থাকা এই সড়কটি মুন্সীরহাট বাজার ও আশপাশের এলাকার অন্যতম সংযোগ পথ। স্থানীয়রা জানান, রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় সামান্য বৃষ্টিতেই কাদা জমে যেত। ফলে পথচারী, প্রবীণ ব্যক্তি, স্কুলগামী শিক্ষার্থী ও ছোট যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হতো।
জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এসে জামাল উদ্দিন চৌধুরী নিজ উদ্যোগে রাস্তার ভাঙা অংশে ইটের গুঁড়া ও নির্মাণাধীন ভবনের রাবিশ ফেলানোর ব্যবস্থা করেন। এতে সাময়িকভাবে হলেও সড়কটি চলাচলের উপযোগী হয়ে ওঠে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই রাস্তা দিয়ে আগে হেঁটে যাওয়া ছিল কষ্টকর। বিশেষ করে বৃষ্টি হলে অবস্থা আরও খারাপ হতো। এখন অনেকটাই স্বস্তি ফিরেছে।”
আরেক পথচারী বলেন, “রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে জনকল্যাণে এমন কাজ সত্যিই প্রশংসনীয়। তার এই উদ্যোগ সবাইকে উপকৃত করেছে।”
উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী বলেন, “মানুষের দুর্ভোগ দেখে আর বসে থাকতে পারিনি। নাগরিক দায়িত্ববোধ থেকেই স্বেচ্ছায় এই উদ্যোগ নিয়েছি। আশা করি স্থানীয় সরকার দ্রুত স্থায়ী সংস্কারের কাজ শুরু করবে।



